হাওড়ায় খুন তৃণমূল কর্মী
দি নিউজ লায়ন ; হাওড়ায় খুন তৃণমূলকর্মী। মৃতের নাম ধর্মেন্দ্র সিং। মঙ্গলবার বিকেল নাগাদ তিনি যখন বাইকে আসছিলেন সে সময় শালিমার তিন নম্বর গেটের কাছে প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটে। পিছন থেকে বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায় বলেন, "ধর্মেন্দ্র বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। সামাজিক কাজ এবং জনসেবা করে খুব অল্প সময়ের মধ্যে এলাকায় প্রভাব তৈরি হয়েছিল তাঁর। বিপদে মানুষকে সেবা করতে এগিয়ে যেতেন। করোনা এবং আমফান পরিস্থিতিতে উনি সামাজিক কাজ করে এলাকায় প্রভাব তৈরি করেছিলেন। এই ঘটনায় বিরোধীদের হাত থাকতে পারে।
পুলিশ ঘটনার তদন্ত করছে।" ঘটনায় প্রকাশ, এদিন বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ধর্মেন্দ্র সিং এক সঙ্গীকে নিয়ে বাইকে আসছিলেন। সেই সময়ে ব্রিজে ওঠার মুখে পিছন থেকে আসা দুটি বাইকে দুষ্কৃতীরা আসে। ধর্মেন্দ্র সিংকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর দ্রুত বাইকে করে ব্রিজের উপর উঠে পালিয়ে যায় চম্পট দেয় তারা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই অবস্থা দেখে দ্রুত ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁকে হাওড়া আন্দুল এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। জানা গেছে, তিনি দক্ষিণ হাওড়ার অন্তর্গত ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস কর্মী ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অন্যদিকে, হাতে গুলি লাগে ধর্মেন্দ্রর সঙ্গীর।
ধর্মেন্দ্রর শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত হওয়ার পাশাপাশি মাথাতেও গুলি লাগে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনটি বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় কয়েকটি দোকানে।

Post a Comment